গাজীপুর কণ্ঠ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছে সংসদীয় কমিটি। বিশেষ করে স্বামী-স্ত্রী সরকারি চাকরিতে কর্মরত থাকলে তাদের পাশাপাশি কর্মস্থলে পদায়নে বিশেষ লক্ষ্য রাখার সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংসদীয় কমিটি অসাম্প্রদায়িক বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে না ঘটে সে জন্য সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে। পাশাপাশি সংসদ সদস্য ভবনের পাশে গাড়ি চলাচলের সময় হর্ন না বাজানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।
কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও রুমানা আলী অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট নিহত শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত করা হয়।
সরকারি চাকরিজীবীদের বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়ে সংসদীয় কমিটি স্বামী-স্ত্রী সরকারি চাকরিতে কর্মরত থাকলে তাদের পাশাপাশি কর্মস্থলে পদায়নে বিশেষ লক্ষ্য রাখার সুপারিশ করেছে।
বৈঠকে বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক কার্যক্রম এবং দেশের সমসাময়িক পরিস্থিতির উপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা ও সেবা বিভাগ এবং অন্যান্য সংস্থার গৃহীত সার্বিক কার্যক্রমের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, সচিব সুরক্ষা সেবা বিভাগ, মহা-পুলিশ পরিদর্শকসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।