গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের মূলগাঁও এলাকায় কয়লার আড়তে ড্রাম ট্রাক চাপায় নিরেন চন্দ্র বীর (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) দুপুর পৌঁণে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত নিরেন চন্দ্র বীর মূলগাঁও এলাকার মৃত নির্মল চন্দ্র বীরের ছেলে। তিনি স্থানীয় “ফারুক ট্রেডার্স”-এর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, মূলগাঁও এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে থাকা কয়লার আড়তে প্রবেশের সড়কে সংস্কারের কাজ চলছে। নিরেন চন্দ্র বীর ওই কাজ দেখভাল করেন। বিভিন্ন স্থান থেকে রাবিশ (ভাঙ্গা ইট ও সুরকি) ড্রাম ট্রাকে বোঝাই করে ওই সড়কের ভাঙ্গা স্থানে ফেলে সংস্কার করা হচ্ছিল। আনুমানিক পৌঁণে ১২টার দিকে রাবিশ বোঝাই একটি ড্রাম ট্রাক আনলোড করা হচ্ছিল। এমন সময় নিরেন চন্দ্র বীর ট্রাকের পেছনে থেকে ড্রাম ট্রাককে দিকনির্দেশনা দিচ্ছিলেন। হঠাৎ করে ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছেনের দিকে গিয়ে নিরেন চন্দ্র বীরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম (২) বলেন, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্থানান্তর করা হয়েছে।