গাজীপুর কণ্ঠ, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বন্ধু, পরিবার, সহকর্মীসহ যে কারো সঙ্গে কথোপকথনের অন্যতম মাধ্যম মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। তবে বিভিন্ন সময় বা পরিস্থিতিতে এসব কথোপকথন গোপন রাখার প্রয়োজন হয়। এক্ষেত্রে ব্যবহারকারীদের চ্যাট লুকানোর বা সংরক্ষণ করার প্রক্রিয়া জানা দরকার। হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো কীভাবে লুকানো যায়, কেন মেসেজ বা চ্যাট লুকানো প্রয়োজন, এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত জানিয়েছে গিজচায়না।
কেন হোয়াটসঅ্যাপে মেসেজ ও চ্যাট লুকিয়ে রাখা প্রয়োজন
বর্তমান বিশ্বে গোপনীয়তা নিয়ে সর্বত্র উদ্বেগ বাড়ছে। যাদের কাছে গোপনীয়তা বা নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ তাদের জন্য হোয়াটসঅ্যাপের চ্যাট হাইড করার ফিচার খুবই উপকারী। ফিচারটি ব্যক্তিগত তথ্য ও ব্যক্তিগত কথোপকথন গোপন করতে সাহায্য করে। এছাড়া মেসেজ বক্স পরিষ্কার ও সহজে ব্যবহারে সহায়তা করে। মেসেজ লুকানো থাকলে অন্য কাজ সম্পাদনে মনোযোগের ঘাটতিও হয় না।
আর্কাইভ করে চ্যাট গোপন রাখা
অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যাট লুকানোর মূল উপায় হলো আর্কাইভ ফাংশন। এক্ষেত্রে প্রথমেই অ্যান্ড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। যে চ্যাটটি লুকিয়ে রাখা দরকার সেই চ্যাটটির ওপর কিছু সময় চেপে ধরে রাখতে হবে। এরপরে ডাউন অ্যারো আইকনে ক্লিক করে চ্যাটটি আর্কাইভ করা যাবে। এ পদ্ধতিতে লুকানো চ্যাটগুলো পুনরায় দেখতে হোয়াটসঅ্যাপ চালুর পরে স্ক্রিনের শীর্ষে আর্কাইভ অপশনে ঢুকলেই পাওয়া যাবে।
আর্কাইভ ছাড়া কথোপকথন আড়াল করা
আর্কাইভ করা ছাড়াও হোয়াটসঅ্যাপ চ্যাট লুকানোর সুযোগ রয়েছে। এক্ষেত্রে জিবিহোয়াটসঅ্যাপের মতো একটি থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা যেতে পারে। জিবিহোয়াটসঅ্যাপ মূল হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের একটি মডিফাইড সংস্করণ। প্রচলিত অ্যাপ্লিকেশনের তুলনায় এ অ্যাপটি কয়েকটি অতিরিক্ত ফিচার সুবিধা দেয়। অ্যাপটি হোয়াটসঅ্যাপের অফিশিয়াল সোর্স থেকে তৈরি না হওয়ায় এর ব্যবহারের বিষয়ে সতর্ক থাকতে হবে।
হোয়াটসঅ্যাপের সব চ্যাট লুকানো
যারা প্রাইভেসি নিয়ে চিন্তিত তাদের জন্য হোয়াটসঅ্যাপের সব চ্যাটে অ্যাকসেস ব্লক করা একটি ভালো অপশন। অনেক ডিভাইস আছে যেগুলোয় পাসকোড বা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে যেকোনো অ্যাপ লক করা যায়। হোয়াটসঅ্যাপও সম্প্রতি অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অ্যাপ লক অপশন চালু করেছে। এর মাধ্যমে আঙুলের ছাপ দিয়ে চ্যাট লক করা যায়। আরেকটি অপশন হলো, প্লে-স্টোর থেকে একটি অ্যাপ লকার ডাউনলোড করা। এ ধরনের অ্যাপ যাচাই করে ইনস্টল করতে হবে। ইনস্টলেশনের পর একটি পিন কোড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ লক করার অপশন বাছাই করতে হবে।