ঈদের ছুটিতেও ব্যাংক খোলা যেসব এলাকায়

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পবিত্র শবেকদর ও ঈদুল ফিতর উপলক্ষে বুধবার (১৯ এপ্রিল) থেকে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে বন্ধ থাকবে সব বাণিজ্যিক ব্যাংক। তবে ঈদের আগে সরকারি ছুটির মধ্যেও পোশাক শিল্পকারখানা-সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। এগুলো হলো—ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট ব্যাংক শাখা। এসব শাখা ১৯, ২০ ও ২১ এপ্রিল খোলা থাকবে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

যা বলা হয়েছে সার্কুলারে

ঈদুল ফিতরের আগে তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রি এবং ওই শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী-কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এসব শাখা খোলা রাখতে হবে। সরকারি ছুটির দিন সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

এর মধ্যে ১৯ ও ২০ এপ্রিল ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। ২১ এপ্রিল ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

আলোচ্য সময়ে বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা চালু থাকবে। তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উল্লিখিত এলাকার বাইরে অবস্থিত কোনো ব্যাংক শাখার ওপর চেক দেওয়া যাবে না। আর ঈদের পর স্বাভাবিক নিয়মে ব্যাংকের অফিস সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button