জুলাইয়ে বাংলাদেশে আসছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : গত ডিসেম্বরে আগের আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর ফিফা বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। অসংখ্য রেকর্ড গড়ার পাশাপাশি দলের পক্ষে সর্বোচ্চ গোলদাতা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতে লিওনেল মেসিই ছিলেন তৃতীয়বারের মতো আর্জেন্টাইনদের বিশ্বজয়ের নায়ক। তবে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ শিরোপার পার্শ্বনায়কদের কথা আনলে সবার আগে নিতে হবে এমিলিয়ানো মার্টিনেজের নাম।
পুরো কাতার বিশ্বকাপজুড়েই গোলবারের নিচে আস্থার প্রতীক হিসেবে ছিলেন এমি মার্টিনেজ। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস এবং ফাইনালে ফ্রান্সে বিপক্ষে তার নৈপুণ্যেই টাইব্রেকার বৈতরণী পেরোয় ল্যাটিন আমেরিকান দেশটি। বিশেষ করে ফাইনালে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে কোলো মুয়ানির শটটি পা দিয়ে না ঠেকালে তো আর্জেন্টিনার বিশ্বজয়ই হয় না। ফাইনাল শেষে তাই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কারও উঠেছে মার্টিনেজেরই হাতে।
বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকের সংখ্যা নিতান্ত কম না। সেই এমি মার্টিনেজকে চর্মচোখে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকরা। আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে মার্টিনেজের কলকাতায় আসার কথা রয়েছে। সংবাদমাধ্যম প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের আগ্রহেই কলকাতা সফরে যাওয়ার আগে আগামী ৩ জুলাই একরকম নিশ্চিতভাবেই ঢাকায় পা রাখছেন ৩০ বছর বয়সী এ আর্জেন্টাইন গোলরক্ষক।
কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগে এর আগে কলকাতা সফরে এসেছিলেন ব্রাজিল ও আর্জেন্টিনার প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলে-ম্যারাডোনা। এমি মার্টিনেজের কলকাতা সফরেরও সব বন্দোবস্ত করেছেন তিনিই। শতদ্রু দত্ত যখন কলকাতা সফরের জন্য মার্টিনেজের সঙ্গে যোগাযোগ করেন, তখন আর্জেন্টিনা গোলরক্ষক নিজেই ঢাকায় আসার আগ্রহ দেখান।
ইতোমধ্যে মার্টিনেজের কলকাতা সফরের সূচি প্রায় চূড়ান্ত। আগামী ৪ ও ৫ জুলাই কলকাতায় থাকবেন মার্টিনেজ। ঐতিহ্যবাহী মোহনবাগান ক্লাবে গিয়ে ম্যারাডোনার ভাস্কর্যে মালা পরিয়ে বলে লাথি মেরে একটি ফুটবল ম্যাচেরও উদ্বোধন করবেন বিশ্বকাপজয়ী এ গোলরক্ষক।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গেও দেখা করবেন মার্টিনেজ। ইতোমধ্যে মমতার জন্য উপহার হিসেবে সই করে নিজের একজোড়া গ্লাভস পাঠিয়েছেন মার্টিনেজ। ভিডিও বার্তায় সৌরভকে দাদা বলে সম্বোধন করেছেন তিনি।
কলকাতা থেকে ফোনে শতদ্রু দত্ত সংবাদ মাধ্যমকে জানান, কলকাতা সফর চূড়ান্ত হওয়ার পর এমি মার্টিনেজ নিজেই তার কাছে বাংলাদেশেও আসার ইচ্ছা প্রকাশ করেন।
শতদ্রু দত্ত সংবাদ মাধ্যমকে বলেন, “মার্টিনেজের বাংলাদেশে আসতে খুব আগ্রহ। আমি শুধু কলকাতায় আনার জন্যই ওর সঙ্গে যোগাযোগ করেছিলাম। ও নিজে থেকেই বলল, আমি বাংলাদেশেও যেতে চাই। ওখানে আমার ও আর্জেন্টিনা ফুটবল দলের অনেক ভক্ত আছে। এরপর আমি বাংলাদেশেও বিভিন্ন স্পনসর প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে শুরু করি।”
এমিলিয়ানো মার্টিনেজকে ঢাকার আনার জন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে শতদ্রু দত্তর আলোচনা চলছে। কাজ চলছে ঢাকায় আর্জেন্টাইন গোলরক্ষকের সফরের কার্যক্রমের সূচি চূড়ান্ত করা নিয়েও। আপাতত আগামী ৩ জুলাই ভোরে এমিলিয়ানো মার্টিনেজের ঢাকায় আসা একরকম নিশ্চিত। সেই দিনটা ঢাকায় থেকে পরদিন সকালে কলকাতায় যাবেন এ আর্জেন্টাইন।



