নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে ট্রাক চাপায় খোরশেদ আলম (৪০) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।
রোববার (২১ জানুয়ারি) সকালে কালীগঞ্জের দেওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত খোরশেদ আলম রাজশাহী জেলার পুঠিয়া থানার দমদমা গ্রামের খোদা বক্স মিয়ার ছেলে। তিনি ব্যুরো বাংলাদেশ নামে একটি এনজিও’র কালীগঞ্জ শাখার ঊর্ধ্বতন কর্মসূচি সংগঠক পদে চাকরি করতেন।
ব্যুরো বাংলাদেশ এনজিও’র কালীগঞ্জ এরিয়া ম্যানেজার সোলেমান মুনসুর জানান, খোরশেদ আলম সকালে মাঠ পর্যায়ে কাজ শেষ করে আনুমানিক বেলা সাড়ে ১০ টার দিকে মোটরসাইকেল চালিয়ে কালীগঞ্জের বড়বাড়ি এলাকায় থাকা অফিসে ফিরছিলেন। সে সময় দেওপাড়া এলাকা অতিক্রম করার সময় হঠাৎ করে মাটি বোঝাই একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে খোরশেদ আলমকে ঢাকায় রেফার্ড করেন। দুপুর ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দুপুরে চিকিৎসাধীন অবস্থায় খোরশেদ আলমের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।