প্রাণ-আরএফএলের চিপস কারাখানায় আগুন, নারী শ্রমিকের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ইন্ডাস্ট্রির একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে নাজমা আক্তার নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (১০ এপ্রিল) দুপুরে প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কের চিপস তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শী শ্রমিক মতিন মিয়া সংবাদ মাধ্যমকে জানান, ঘটনার সময় একদল শ্রমিক কাজ শেষে বের হচ্ছিলেন, অপর দল কাজের জন্য কারখানায় প্রবেশ করছিল। মুহূর্তের মধ্যে আগুন বহুতল ভবনের কারখানায় ছড়িয়ে পড়ে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোবারক হোসেন ভুইয়া সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। তবে আহতের খবর পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ ইউনিটের প্রধান মো. ইব্রাহিম সংবাদ মাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ ও মাধবপুর চুনারুঘাটে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেন। সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভেতর থেকে এখনো কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।
এদিকে, অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে রাজি হননি প্রাণের জেনারেল ম্যানেজার দিপক কুমার দেব। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘ম্যানেজিং ডাইরেক্টর ঢাকা থেকে রওনা দিয়েছেন। তাই এ মুহূর্তে কিছু বলতে পারছি না।’
আগুনের খবর পেয়ে জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা, পুলিশ সুপার আক্তার হোসেনসহ বিভিন্ন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
জেলা প্রশাসক সংবাদ মাধ্যমকে বলেন, ‘নাজমা আক্তার নামে এক নারী শ্রমিক আগুনের ভয়ে ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়ে। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। অপর এক শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাে আনা হয়েছে।’
কারখানার শ্রমিকরা সংবাদ মাধ্যমকে জানান, বুধবার দুপুরের দিকে প্রাণ কোম্পানির চিপসের ফ্যাক্টরিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভায়। এ ঘটনায় নাজমা আক্তার নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৩ নম্বর ভবনের চিপস তৈরির কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা ৬টার দিকে আগুন নেভাতে সক্ষম হই।



