সৌদি পৌঁছেছেন ৬০ হাজার ৭৯৯ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৬০ হাজার ৭৯৯ জন হজযাত্রী

গাজীপুর কণ্ঠ ডেস্ক : হজ পালনের জন্য বুধবার (৫ জুন) পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৬০ হাজার ৭৯৯ জন হজযাত্রী। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১৫৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৫৬ হাজার ৬৩৪ জন। আবেদনের বিপরীতে শতভাগ ভিসা ইস্যু করা হয়েছে।

হজ-সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

হেল্প ডেস্কের তথ্যমতে, এ পর্যন্ত মোট ১৫৬টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮১টি, সৌদি এয়ারলাইনসের ৪৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৬টি ফ্লাইট পরিচালনা করেছে। বুধবার পর্যন্ত মোট ফ্লাইটের ৭৫ শতাংশ আর মোট হজযাত্রীর মধ্যে ৭৪ শতাংশ সৌদি পৌঁছেছেন।

হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। এর মধ্যে মক্কায় সাতজন এবং মদিনায় তিনজন। সর্বশেষ মদিনায় মাকসুদ আহমেদ (৬১) নামে একজন মারা যান।

এর আগে গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। হজের শেষ ফ্লাইট যাবে আগামী ১২ জুন।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ২৫৭ জন। এদের মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীর সঙ্গে যাবেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।