গাজীপুর কণ্ঠ ডেস্ক : লন্ডনে থাকা বিএনপির ভারতপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হসিনা বলেছেন, আজ হোক কাল হোক ‘এক দিন না একদিন’ তার শাস্তি কার্যকর হবে।
রোববার গণভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ১২ দিনের সফরের পর শনিবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। ওই সফরের বিভিন্ন দিক নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।
তারেক রহমানকে ফিরিয়ে আনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, একুশে আগস্টের হামলায় আইভি রহমানসহ ২৮ জন মানুষ নিহত হন। শতাধিক মানুষ আহত হন। শুধু একুশে আগস্ট নয়, ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের সঙ্গেও যুক্ত তারেক রহমান।
উল্লেখ্য, একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন আদালত।
শেখ হাসিনা বলেছেন, এসব ব্যক্তির জন্য অনেকের মায়াকান্না দেখছি। আমরা যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা চালাচ্ছি। তবে ওরা অনেক টাকার মালিক। সব সময় চেষ্টা করে ঝামেলা সৃষ্টি করার। আমি সেখানে গেলেও ঝামেলা সৃষ্টি করতে চায়। তবে তার সাজা কার্যকর হবে।
ত্রিদেশীয় সফর নিয়ে বিকেল পাঁচটটার দিকে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনের শুরুতেই তিন দেশ সফর নিয়ে লিখিত বক্তব্য দেন তিনি। এরপর সাংবাদিকদের বিভন্ন প্রশ্নের জবাব দেন তিনি।