গাজীপুর কণ্ঠ ডেস্ক : দুই বছরপূর্তির আগেই আইএটিএ (IATA) মেম্বার এয়ারলাইন হিসাবে স্বীকৃতি পাওয়ার উদযাপনে যাত্রীদের জন্য নতুন অফার দিচ্ছে বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা। সংস্থাটি ২০ হাজার সিট উন্মুক্ত করে দিচ্ছে যেকোন রুটে বাই-ওয়ান গেট-ওয়ান ভিত্তিতে। এই বিশেষ অফারের টিকিট যাত্রীরা কিনতে পারবেন এয়ার অ্যাস্ট্রার ওয়েবসাইট, মোবাইল অ্যাপস এবং সেলস অফিস থেকে।
বুধবার (১৩ নভেম্বর) সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে অফার সম্পর্কে এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, ‘এয়ার অ্যাস্ট্রা সবসময় যাত্রীদেরা ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করে, আমরা এরই মধ্যে ইন-ফ্লাইটে শিশুদের জন্য ফানবুক, ফার্স্ট ফ্লাইট সার্টিফিকেটসহ বিভিন্ন সুবিধাদি যোগ করেছি। আর এবার এয়ার অ্যাস্ট্রার দুই বছরপূর্তি উপলক্ষে আমরা ২০ হাজার সিট বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারে দিচ্ছি’।
অফারটি পেতে হলে সর্বনিন্ম দু’জন যাত্রীকে একসঙ্গে টিকিট কিনতে হবে। একটি কিনলে একটি ফ্রি অফারে যাত্রীরা টিকিট কিনতে পারবেন ১৫ নভেম্বর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এবং ভ্রমণ করতে পারবেন আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
উল্লেখ্য, আইএটিএ (IATA) মেম্বার এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-চট্রগ্রাম-ঢাকা, এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন ১৩টি ফ্লাইট পরিচালনা করছে। এয়ার অ্যাস্ট্রার বহরে বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট।