কালীগঞ্জে গ্লাস কারখানায় ‘পূর্ব পরিকল্পিত’ ডাকাতি, প্রায় ৩ কোটি টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিনিধি : কালীগঞ্জে ‘পূর্ব পরিকল্পনা’ অনুযায়ী নিরাপত্তাকর্মীদের অস্ত্রের ভয় ও হত্যার হুমকি দিয়ে জিম্মি করে ‘ইউরো বাংলা গ্লাস লি:’ নামক গ্লাস উৎপাদনকারী একটি কারখানায় দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল প্রায় ৩ কোটি টাকা মূল্যমানের মেশিনারিজ ও মালপত্র লুট করেছে।
বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যে রাতে দায়ের করা মামলায় এসব তথ্য উল্লেখ করেছেন বাদী।
এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় থেকে ভোর অবধি ঘোনাপাড়া এলাকায় অবস্থিত ওই কারখানায় ডাকাতির ঘটনা সংগঠিত হয়।
মামলার বাদী নরসিংদীর পলাশ থানার ভিরিন্দা এলাকার মৃত: আব্দুল গাফ্ফার চৌধুরীর ছেলে আব্দুন নূর চৌধুরী (৬২)। তিনি ইউরো বাংলা গ্লাস লিমিটেডের স্টোর ইনচার্জ।
অজ্ঞাত ডাকাত দলের সদস্যরা স্থানীয় বলে ধারণা করে হচ্ছে। তাদের বয়স ১৮ থেকে ৪০।
জানা গেছে, কালীগঞ্জ বাইপাস সড়কের ঘোনাপাড়া এলাকায় (নাভানা ফ্যাক্টরীর পূর্ব পাশে) অবস্থিত ইউরো বাংলা গ্লাস লিমিটেডে প্রায় ৩ বছর যাবৎ উৎপাদন বন্ধ রয়েছে। তবে কারখানায় বিভিন্ন প্রকার মূল্যবান মেশিনপত্র, অ্যালুমিনিয়াম বার, টেম্পার মেশিন-এর প্যানেল বার, ক্যাবেল বক্স, ব্যাটারী, স্ক্র্যাব হোল্ডিং রয়েছে। এসকল মালামাল ও কারখানার নিরাপত্তার জন্য দিনে দুইজন নিরাপত্তাকর্মী ও ১ জন ক্লিনার এবং রাতে ছয়জন নিরাপত্তাকর্মী নিয়মিত দায়িত্ব পালন করেন। গত ২৫ ডিসেম্বর সকালে খবর পাওয়া যায় নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মঙ্গলবার রাতভর ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ ও নিরাপত্তাকর্মীদের ভাষ্য অনুযায়ী, ২৪ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে অজ্ঞাত ২০-২৫ সদস্যদের ডাকাতদল কালো কাপড় দিয়ে মুখ বাঁধা অবস্থায় পূর্ব পরিকল্পিত ভাবে কারখানার সামনের দিকের সীমানা প্রাচীরের উপর দিয়ে, গাছ ব্যবহার করে এবং টিনের বেড়া ভেঙে পৃথকভাবে কারখানার ভেতরে প্রবেশ করে। তাদের মধ্যে কয়েকজন ভদ্রবেশী, প্যান্ট-শার্ট, জ্যাকেট পরিহিত ছিল। অন্যরা সাধারণ লোকদের মত। তারা সোয়েটার, জ্যাকেট ও মাফলার পরিহিত ছিল। ডাকাতদল ভেতরে প্রবেশের পর প্রথমে দায়িত্বরত ছয় নিরাপত্তাকর্মীকে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে এবং হত্যার হুমকি দিয়ে জিম্মি করে। পরে নিরাপত্তাকর্মীদের মারধর করে রশি দিয়ে বেঁধে শ্রমিকদের থাকার কক্ষে আটকে রাখে ডাকাতদল। এরপর নিরাপত্তাকর্মীদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ডাকাতদলের তিন সদস্য তাদের পাহারায় নিয়োজিত থাকে। এছাড়াও ডাকাতদলের অন্য সদস্যরা কারখানার ভেতরে থাকা প্রায় দুই কোটি টাকার মূল্যমানের টেম্পার মেশিনের প্যানেল বার ও ক্যাবল বক্স, প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ৭০-৮০ ব্যান্ডেল অ্যালুমিনিয়াম বার, ১০ লাখ টাকা মূল্যের ৩০০ ফুট জেনারেটর ক্যাবল, এবং আরো চার লাখ টাকা মূল্যের স্ক্র্যাব হোল্ডিং ১২০ পিচ, বিভিন্ন ধরনের ক্যাবল, ১২ ভোল্ট ২০০ অ্যাম্পিয়ার ৯টি ব্যাটারী লুট করে। পরে লুষ্ঠিত মালামাল অজ্ঞাত ট্রাকে লোড করে ভোর সাড়ে ৪টার দিকে পালিয়ে যায় ডাকাতদল। সব মিলে লুণ্ঠিত মেশিনারিজ ও মালামালের মূল্য প্রায় ২ কোটি ৮৪ লাখ টাকা।
এ ঘটনায় বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে রাতে ইউরো বাংলা গ্লাস লিমিটেডের স্টোর ইনচার্জ আব্দুন নূর চৌধুরী বাদী হয়ে অজ্ঞাত ২০-৩০ ডাকাতদের বিরুদ্ধে ৩৯৫ ও ৩৯৭ ধারায় মামলা দায়ের করেছেন {মামলা নাম্বার ২৬(১২)২৪}।
মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রজিউল্লাহ খান বলেন, ডাকাতির ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ছয় নিরাপত্তাকর্মীকে ছেড়ে দেয়া হয়েছে। তদন্তের প্রয়োজনে তাদের আবারো ডাকা হতে পারে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



