গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের বেলাই বিল সংলগ্ন এলাকায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমির মাটি কাটায় এক্সকাভেটর (ভেকু) জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করে ভেকুটি জব্দ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রশাসনের অনুমোদন ছাড়াই শিমুলিয়া এলাকায় বেলাই বিল সংলগ্ন কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে গত ২০ ফেব্রুয়ারি অভিযান পরিচালনা করে তা বন্ধের নির্দেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি। তবে নিষেধাজ্ঞা অমান্য করেই মাটি কাটা অব্যাহত রাখে মাটিদস্যু চক্র।

এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মির নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় মাটিদস্যু চক্রের সদস্যরা ভেকু ফেলে পালিয়ে যায়। পরে মাটি কাটার যন্ত্র এক্সকাভেটর (ভেকু) জব্দ করে পুলিশ হেফাজতে দেওয়া হয়।