গাজীপুর কণ্ঠ ডেস্ক : হজ মৌসুমে সৌদি আরব পাকিস্তানসহ ১৪টি দেশের ভ্রমণকারীদের জন্য ভিসা নীতি সংশোধন করেছে। এই সংশোধনীর আওতায় ব্যবসা, পর্যটন এবং পারিবারিক ভ্রমণের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা সীমিত করা হয়।
এছাড়া চলতি হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তানসহ একাধিক দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) মেটিস গ্লোবাল নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, এই নিষেধাজ্ঞা মূলত ওমরাহ, ব্যবসা এবং পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
নতুন ভিসা নীতিমালা ১ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ থেকে কার্যকর হয়েছে। তবে অনুমান করা হচ্ছে, এই বিধিনিষেধ আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে প্রত্যাহার করা হতে পারে।
জারি করা প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, আগে এই ১৪টি দেশের নাগরিকেরা এক বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসা পেতে পারতেন। নিষেধাজ্ঞা আরোপ করা দেশের মধ্যে রয়েছে : বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানায়, এই অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী ব্যক্তিদের পাঁচ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ এবং অবস্থানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
সৌদি কর্তৃপক্ষ জানায়, কিছু যাত্রী দীর্ঘমেয়াদি ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করে অনুমতি ছাড়া হজে অংশ নেন, আবার কেউ কেউ হজ শেষে দেশে না ফিরে অবৈধভাবে দেশটিতে অবস্থান করেন। এতে করে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই পরিস্থিতি মোকাবেলা করতেই এই ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়।