নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে গাঁজা সেবনের দায়ে ৪ মাদকাসক্ত যুবককে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি।
দণ্ডপ্রাপ্তরা হলো—কালীগঞ্জ পৌর এলাকার দক্ষিণ ভাদার্ত্তীর ফিরোজ মিয়ার ছেলে জুলহাস মিয়া (৩০), দড়িসোম এলাকার ইদ্রিস আলীর ছেলে নাইম শেখ (২৩), মুনসুরপুর এলাকার স্বপন রাজ বর্মণের ছেলে শান্ত রাজ বর্মণ (২১) এবং ভোলার কামাল মৃধার ছেলে তানজিল ইসলাম তানভীর (২৩)।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক ও জুয়েল মিয়া সোমবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার দড়িসোম এলাকায় অভিযান পরিচালনা করেন। সে সময় গাঁজা সেবনরত অবস্থায় মাদকাসক্ত ওই চার যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মোবাইল কোর্টে হাজির করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১০০ টাকা করে জরিমানা এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি।