কালীগঞ্জে পরিবেশ দূষণের দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

কালীগঞ্জে পরিবেশ দূষণের দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে ইটের খোয়া মজুদ ও ব্যবসা পরিচালনা করে পরিবেশ দূষণের দায়ে ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে পৌরসভার দড়িসোম এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী দড়িসোম এলাকার মৃত ইজ্জত আলীর ছেলে মো. আজমত আলী (৬৫)।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, আজমত আলী দীর্ঘদিন ধরে দড়িসোম এলাকায় খেয়াঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে খোলা জায়গায় লাইসেন্স বিহীন অবৈধভাবে ইটের খোয়া মজুদ করে ব্যবসা পরিচালনা করে আসছিল। কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র বা নিয়মতান্ত্রিক অনুমোদন না নিয়েই নদীতীরবর্তী স্থানে খোয়া রাখার ফলে আশপাশের পরিবেশ ও নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোয়া মজুদ কেন্দ্রটি পরিদর্শন করে। সে সময় সেখানে পরিবেশ রক্ষা বিষয়ক কোনো ব্যবস্থা না থাকায় এবং যথাযথ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় ব্যবসায়ী আজমত আলীকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ১৫(২) ধারা অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।