গাজীপুরে শুরু হচ্ছে ভূমি মেলা, তিনদিনব্যাপী মিলবে ভূমি সংক্রান্ত সেবা

গাজীপুরে শুরু হচ্ছে ভূমি মেলা, তিনদিনব্যাপী মিলবে ভূমি সংক্রান্ত সেবা

বিশেষ প্রতিনিধি : ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫’।

রোববার (২৫ মে) থেকে শুরু হয়ে এ মেলা চলবে মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত

শনিবার (২৪ মে) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোহাম্মদ কায়সার খসরু।

তিনি জানান, মেলায় জেলা প্রশাসনের এস.এ শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, ভিপি শাখা, রেকর্ড রুম শাখা, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় (গাজীপুর সদর ও টঙ্গী রাজস্ব সার্কেল), জেলা সাব-রেজিস্ট্রি অফিস এবং জোনাল সেটেলমেন্ট অফিস অংশ নেবে। এতে মোট ৮টি স্টল স্থাপন করা হবে।

মেলার মূল উদ্দেশ্য হচ্ছে জনবান্ধব ও অনলাইনভিত্তিক ভূমি সেবা প্রদানের মাধ্যমে জনগণের মধ্যে ভূমি-সচেতনতা বৃদ্ধি করা।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সহকারী কমিশনার (ভূমি) এর স্টলে ই-নামজারির আবেদন গ্রহণ এবং কাগজপত্র সঠিক থাকলে মেলা চলাকালীন সময়েই নিষ্পত্তির ব্যবস্থা থাকবে। এছাড়া, ভূমি উন্নয়ন কর প্রদানের রেজিস্ট্রেশন কার্যক্রম এবং অনলাইনে ভূমি কর পরিশোধের ব্যবস্থাও থাকবে।

এস.এ শাখার স্টলে কাগজপত্র সঠিক থাকলে কৃষি ও অকৃষি খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত আবেদন গ্রহণ করা হবে। ভূমি অধিগ্রহণ শাখার স্টলে তিন দিনের মধ্যে এলএ পেমেন্ট কেস নিষ্পত্তি ও ক্ষতিপূরণ প্রদানের উদ্যোগ নেওয়া হবে। ভিপি শাখায় ভিপি লিজ নবায়নের আবেদন ও নিষ্পত্তি এবং রেকর্ড রুম শাখায় অনলাইনে খতিয়ান সংগ্রহের আবেদন ও তাৎক্ষণিক সরবরাহের সুযোগ থাকবে।

জেলা সাব-রেজিস্ট্রি অফিস ও জোনাল সেটেলমেন্ট অফিসের স্টল থেকে সংশ্লিষ্ট সেবা প্রদান করা হবে। এ ছাড়া, অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, জরিপ কার্যক্রম বিষয়ক সেবা, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, দপ্তরসমূহের সিটিজেন চার্টার অনুযায়ী কার্যক্রম উপস্থাপন এবং সেবা বুথে সরাসরি জিজ্ঞাসার উত্তর দেওয়ার ব্যবস্থা থাকবে।

ভাওয়াল রাজবাড়ীর নাট মন্দির প্রাঙ্গণে মেলার উদ্বোধন করবেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল রানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোহাম্মদ কায়সার খসরু।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন খান এলিস, সাইদুজ্জামান হিমু প্রমুখ।