‘মেয়র’ পরিচয়ে নগর ভবনে সভা করলেন ইশরাক

‘মেয়র’ পরিচয়ে নগর ভবনে সভা করলেন ইশরাক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বিএনপি নেতা ইশরাক হোসেন নগর ভবনের ভেতরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। সেখানে তিনি নিজেকে নগর ভবনের ‘মাননীয় মেয়র’ হিসেবে উল্লেখ করেন।

সোমবার (১৬ জুন) নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে টাঙানো ব্যানারেও ইশরাককে ‘মাননীয় মেয়র’ বলে উল্লেখ করা হয়, যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে শপথ নেননি।

সভায় উপস্থিত কর্মচারীদের বরাতে জানা যায়, এটি ঢাকা দক্ষিণের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মীদের নিয়ে আয়োজিত হয়।

আয়োজকদের দাবি, সভাটির উদ্দেশ্য ছিল পরিচ্ছন্ন ঢাকা ও আরও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করা।

এর আগে ইশরাক ঘোষণা দেন, সরকার যদি তাকে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা না করে, তবে তিনি নিজেই তার সমর্থকদের নিয়ে শপথ অনুষ্ঠানের আয়োজন করবেন।

রোববার নগর ভবনের বিক্ষোভে এক বক্তব্য দিতে গিয়ে ইশরাক বলেন, ‘দৈনন্দিন জনসেবা আমাদের তত্ত্বাবধানে চলবে। আর নগর ভবনের মূল ফটক তালাবদ্ধই থাকবে।’