নিজস্ব সংবাদদাতা : কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে কালীগঞ্জে পরিচালিত ‘কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হল’কে মোবাইল কোর্টে দেড় লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
বুধবার (১৮ জুন) বিকেলে গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ট্রেজারি ও গোপনীয় শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালীগঞ্জের নাগরী ইউনিয়নের কুচিলাবাড়ি এলাকায় অবস্থিত ‘কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হল’-এর লাইসেন্স ২০২৪ সালের ১২ জানুয়ারি মেয়াদোত্তীর্ণ হলেও প্রতিষ্ঠানটি নিয়মিত কার্যক্রম চালিয়ে আসছিল। অভিযানকালে রিসোর্টের প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে ‘কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হল’ পরিচালনার বিষয়টি প্রমাণিত হয়। পরে ‘বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪’-এর ৭ ধারা লঙ্ঘনের দায়ে ১৯ ধারা অনুযায়ী রিসোর্ট কর্তৃপক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
আইনের ৭ ধারায় বলা হয়েছে, হোটেল বা রেস্তোরাঁ পরিচালনার জন্য নির্ধারিত কর্তৃপক্ষের কাছ থেকে বৈধ লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক। মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে বা লাইসেন্সবিহীনভাবে প্রতিষ্ঠান পরিচালনা করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। ১৯ ধারা অনুযায়ী এ অপরাধের জন্য অর্থদণ্ডসহ অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া যেতে পারে।
উল্লেখ্য, কালীগঞ্জে আরও বেশ কয়েকটি রিসোর্ট থাকলেও মাত্র দুটি রিসোর্টের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অনুমোদিত লাইসেন্স রয়েছে। এর মধ্যে একটি ‘কালব রিসোর্ট এন্ড কনভেনশন হল। এছাড়া অপরটি হলো ‘ছুটি রিসোর্ট’, যার লাইসেন্সের মেয়াদও শেষ হয়েছে ২০২৩ সালের ৩০ জুন।