কালীগঞ্জে মাদকাসক্ত পাঁচ যুবকের কারাদণ্ড

কালীগঞ্জে মাদকাসক্ত পাঁচ যুবকের কারাদণ্ড

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে মাদকাসক্ত পাঁচ যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি এ দণ্ডাদেশ দিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলো—কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামের মো. তাওহিদ (৩৫), বক্তারপুর ইউনিয়নের খৈকড়া গ্রামের নিলয় হোসেন (২২), জামালপুর গ্রামের রাজু (৩৯), চক জামালপুর গ্রামের মো. সুমন মিয়া (২৯) এবং জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বলিয়াদহ গ্রামের মো. রতন (২৮)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোজাম্মেল হক এবং উপ-পরিদর্শক জুয়েল মিয়ার নেতৃত্বে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আটক করা হয় পাঁচ মাদকাসক্ত যুবককে। পরে বিকেলে তাদের মোবাইল কোর্টে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া নিলয় হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০৯ টাকা জরিমানা করা হয়েছে।