শ্রীপুরে সড়ক আটকে ডাকাতি: নিহত ২

শ্রীপুরে সড়ক আটকে ডাকাতি: নিহত ২

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির সময় সিএনজিচালিত এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করে ডাকাতরা এবং গ্রামবাসীর গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় চারজন ডাকাতকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সাতখামাইর বাজার সংলগ্ন মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের একজন কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে মো. আরিফ হোসেন (২২), যিনি ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ। অপর নিহত ব্যক্তি হলেন শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে আবুল কালাম (৪০), পেশায় অটোরিকশাচালক।

পুলিশ জানিয়েছে, আটক চারজনও ডাকাত দলের সদস্য।

প্রত্যক্ষদর্শী পিকআপ চালক মো. শফিকুল ইসলাম জানান, তিনি এমসি বাজার থেকে বরমীর দিকে যাওয়ার সময় সাতখামাইর বাজার এলাকায় পৌঁছালে গাছ ফেলে ৬-৭ জনের এক ডাকাতদল তার গাড়ি আটকায়। ডাকাতরা তার কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। একই সময়ে আরেকটি গাড়িতে ডাকাতির সময় একটি অটোরিকশা দ্রুত গতিতে এসে ডাকাত দলের এক সদস্যকে ধাক্কা দিলে সে আহত হয়। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাত সদস্যরা অটোরিকশাচালক আবুল কালামকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ডাকাতদের কবলে পড়া যাত্রীরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ডাকাতদের ধাওয়া দেয়। গ্রামবাসীর পিটুনিতে ডাকাত সদস্য আরিফ গুরুতর আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহায়তায় চার ডাকাতকে আটক করে। আহত অবস্থায় আরিফ ও কালামকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। কালামকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হলে পথেই তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশের টহল দলের সদস্যরা ঘটনাস্থলে যায়। তারা এলাকাবাসীর সহযোগিতায় ডাকাত দলের চার সদস্যকে আটক করে। পরে আহত ডাকাতদলের সদস্য আরিফ এবং অটোরিকশার চালক কালামকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন এবং কালামকে ঢাকায় স্থানান্তর করেন। ঢাকায় নেওয়ার পথে কালাম মারা যান।