রিয়াজুল হান্নানকে জড়িয়ে সংবাদ প্রকাশ, প্রতিবাদে গাজীপুরে সংবাদ সম্মেলন

রিয়াজুল হান্নানকে জড়িয়ে সংবাদ প্রকাশ, প্রতিবাদে গাজীপুরে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি : কাপাসিয়ায় এক যুবক হত্যাকাণ্ডের ঘটনায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানকে জড়িয়ে একটি ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০২ জুলাই) বিকেলে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রিয়াজুল হান্নান উক্ত সংবাদটিকে “সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেন।

লিখিত বক্তব্যে রিয়াজুল হান্নান বলেন, “গত মঙ্গলবার কাপাসিয়া উপজেলার বেহাইদুয়ার গ্রামে মো. নাঈম (২৪) নামের এক যুবক হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় আমি গভীর দুঃখ প্রকাশ করছি এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তবে, এই ঘটনায় আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।”

তিনি আরও বলেন, “একটি ইলেকট্রনিক মিডিয়া এই হত্যাকাণ্ডের সঙ্গে আমার নাম জড়িয়ে যে সংবাদ প্রচার করেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। একটি কুচক্রী মহল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মিথ্যা সংবাদ ছড়াচ্ছে।”

সংবাদ সম্মেলনে তিনি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করার আহ্বান জানান এবং তার বিরুদ্ধে মিথ্যা প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।