পুরনো দুবাইয়ের বুদ্ধিদীপ্ত স্থাপত্যে প্রাকৃতিক শীতলতা

পুরনো দুবাইয়ের বুদ্ধিদীপ্ত স্থাপত্যে প্রাকৃতিক শীতলতা

বিবিসি : প্রচণ্ড রোদের শহর দুবাইয়ে যখন তাপমাত্রা ছুঁয়েছে ৫১ ডিগ্রি সেলসিয়াস, তখনও একটি প্রাচীন এলাকায় হাঁটতে গেলে যেন স্বস্তির শ্বাস ফেলা যায়। বাতাস বইছে, ছায়া মেলে আছে – অথচ আশেপাশে নেই কোনো এয়ার কন্ডিশনিং সিস্টেম।

দুবাইয়ের পুরনো এলাকা আল ফাহিদি হিস্টোরিক্যাল নিঃবারহুড – যেটির ইতিহাস ১৭০০ সালেরও আগে – আজও পরিবেশবান্ধব এবং বিদ্যুৎসাশ্রয়ী স্থাপত্যের অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে। এখানকার উঁচু দেওয়াল, সংকীর্ণ গলি, বারজিল (বাতাস ধরার মিনার), অভ্যন্তরীণ আঙিনা, মাশরাবিয়া (ঝালরাকৃতির জানালা), হালকা রঙের পাথরের ঘর এবং সিক্কা (সংকীর্ণ হাঁটার পথ) – সবকিছু মিলিয়ে এক অভিনব প্রাকৃতিক শীতলীকরণ ব্যবস্থা তৈরি করেছে।

স্থানীয় স্থাপত্যজ্ঞদের মতে, এসব স্থাপত্য কৌশল আধুনিক প্রযুক্তির চেয়েও অনেক ক্ষেত্রে কার্যকর। যেমন, বারজিল বা উইন্ড টাওয়ার ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমাতে পারে। এই নকশাগুলো বর্তমানে শুধু ঐতিহাসিক নিদর্শন নয়, বরং মাসদার সিটি বা মদিনাত জুমেইরাহর মতো আধুনিক ও টেকসই নগর গঠনে অনুপ্রেরণা হয়ে উঠেছে।

আল ফাহিদির ভেতরের প্রতিটি বাড়িতে রয়েছে আঙিনা, যা রাতে ঠান্ডা হাওয়া ধারণ করে দিনের বেলায় ঘরের মধ্যে ছড়িয়ে দেয়। মাশরাবিয়া জানালা আলো ও বাতাসের নিয়ন্ত্রণে সহায়ক, আবার গোপনীয়তা নিশ্চিত করে। স্পেনের এক গবেষণায় দেখা গেছে, এমন স্থাপত্য ১৮% পর্যন্ত কুলিং খরচ কমাতে সক্ষম।

দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম কালচারাল সেন্টারের সিনিয়র স্পিকার আহমেদ আল-জাফ্লাহ জানান, “পুরনো স্থাপত্যে ছায়া বৃদ্ধি, হাওয়া চলাচল এবং সূর্যের তাপ প্রতিরোধের সমন্বিত ব্যবস্থা ছিল। সিক্কা নামের সরু গলিগুলোতে এখনো ক্রীক থেকে আসা হাওয়া বইতে দেখা যায়।”

শুধু আরব উপসাগরেই নয়, বিশ্বব্যাপীও আজ এই ঐতিহ্যবাহী পদ্ধতির আধুনিক প্রয়োগ দেখা যাচ্ছে। উদাহরণস্বরূপ, লন্ডনের রয়্যাল চেলসি হাসপাতাল, যুক্তরাষ্ট্রের উইন্ডক্যাচার হাউস, ভারতের ব্রিদিং ওয়াল রেসিডেন্স, জাপানের অপটিক্যাল গ্লাস হাউস – সবখানেই ব্যবহার হচ্ছে এমন প্রাকৃতিক শীতলীকরণ নকশা।

বিশেষজ্ঞদের মতে, স্থানভেদে কিছু পরিবেশগত পরিবর্তনের প্রয়োগ ঘটিয়ে এসব পদ্ধতি সহজেই বিশ্বের অন্যান্য অঞ্চলেও কার্যকরভাবে ব্যবহার করা যায়।

সহজ ভাষায়, দুবাইয়ের অতীতের মাটিতেই লুকিয়ে ছিল ভবিষ্যতের জন্য স্থায়ী এবং টেকসই উত্তাপ প্রতিরোধের চাবিকাঠি।