ইরানের পারমাণবিক কর্মসূচি ২০ বছর স্থগিতে রাজি আছেন ট্রাম্প

ভবিষ্যতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়াটা ট্রাম্পের অবস্থানের একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে৷ এর আগে তিনি বারবার বলেছিলেন, ইরানকে কখনোই এই অনুমতি দেওয়া হবে না।

ইরানের পারমাণবিক কর্মসূচি ২০ বছর স্থগিতে রাজি আছেন ট্রাম্প

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (১৫ মে) জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর ২০ বছরের স্থগিতাদেশই তার জন্য যথেষ্ট। একটি চুক্তিতে পৌঁছাতে এবং চলমান যুদ্ধ শেষ করতে তিনি এই সময়সীমা মেনে নেবেন। 

ভবিষ্যতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়াটা ট্রাম্পের অবস্থানের একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে৷ এর আগে তিনি বারবার বলেছিলেন, ইরানকে কখনোই এই অনুমতি দেওয়া হবে না। 

পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র ইরানের পারমানবিক কর্মসূচির বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নিয়ে আলোচনা করছে বলে খবর ছড়িয়ে পড়লেও, ট্রাম্প প্রশাসন এতদিন তা অস্বীকার করে আসছিল। তারা দাবি করছিল যে, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার স্থায়ী অবসান এবং পূর্ণ আত্মসমর্পণ ছাড়া তারা অন্য কিছু গ্রহণ করবে না। 

কিন্তু চীন সফর শেষে দুই দিনের সম্মেলন শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের সাথে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প যেন তার আগের অবস্থান থেকে সরে এলেন। যুদ্ধের কোনো সহজ সমাধান যখন চোখে পড়ছে না, তখন ট্রাম্পের এই মন্তব্য বিশেষ গুরুত্ব বহন করছে। 

তেহরানের সর্বশেষ প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, ‘২০ বছরই যথেষ্ট, কিন্তু তাদের পক্ষ থেকে যে নিশ্চয়তা দেওয়া হচ্ছে তা যথেষ্ট নয়। অন্যভাবে বললে, এটা সত্যিকারের ২০ বছর হতে হবে।’ 

প্রেসিডেন্ট জানান যে তিনি ইরানের সাম্প্রতিক প্রস্তাবটি দেখেছেন এবং তা প্রত্যাখ্যান করেছেন। 

তিনি বলেন, ‘যদি তাদের কাছে কোনো প্রকারের পারমাণবিক বস্তু থাকে, তবে আমি আর বাকিটুকু পড়ি না।’ 

১২ দিনের ওই যুদ্ধে অদূর ভবিষ্যতের জন্য ইরানের নতুন করে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। তবে তাদের কাছে এখনও প্রায় ৪৪০ কেজি উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে, যা সমর্পণের জন্য ওয়াশিংটন চাপ দিয়ে যাচ্ছে। 

ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন যে তেহরান শেষ পর্যন্ত একটি চুক্তিতে রাজি হবে। তিনি বলেন, ইরানিরা তাকে জানিয়েছে যে শুধু যুক্তরাষ্ট্র এবং চীনের কাছেই এই ‘পারমাণবিক ধূলিকণা’ অপসারণের সরঞ্জাম রয়েছে। 

চলতি সপ্তাহের শুরুর দিকে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের জবাবে তেহরান যখন তাদের আনুষ্ঠানিক উত্তর দেয়, তখন প্রেসিডেন্ট ট্রাম্প সেই প্রস্তাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছিলেন। 

গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরান বেশ কয়েকটি শান্তি প্রস্তাব পেশ করেছে।