বিশেষ প্রতিনিধি : জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের কথা শুনতে জুলাইজুড়ে দেশের সব জেলায় পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) গাজীপুরে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে সোমবার (২৮ জুলাই) দুপুরে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলি নাসের খান। তিনি বলেন, মঙ্গলবার সকালে টাঙ্গাইলে পদযাত্রা ও পথসভা কর্মসূচির সূচনা হবে। সেখান থেকে নেতাকর্মীরা গাজীপুরের কালিয়াকৈর, মাওনা ও চান্দনা চৌরাস্তা হয়ে জয়দেবপুর রাজবাড়ি মাঠে একত্রিত হবেন। বিকেল পাঁচটার দিকে রাজবাড়ি মাঠে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। সভায় এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন এবং ‘জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লবী’ নেতারাও সেখানে উপস্থিত থাকবেন।
আলি নাসের খান বলেন, “আওয়ামী লীগ এখন ডেড ইস্যু, ডাইনোসরে পরিণত হয়েছে। তাদের পক্ষ থেকে কোনো বড় ধরনের হুমকি নেই।” তিনি জানান, পুলিশ ও গোয়েন্দা সংস্থা পদযাত্রা ও সভার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. মহসিন উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক নাবিল আল ওয়ালিদ এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।