গাজীপুর

টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীর হোসেন মার্কেটের পাশে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে টঙ্গীর শালিকচুড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আগে রোববার রাত ৯টার দিকে ফারিয়া তাসনিম জ্যোতি নামের ওই নারী টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান। ঘটনার পরপরই গাজীপুর ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করলেও তার কোনো হদিস মিলছিল না। ২৮ বছর বয়সী ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়ার ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে। তিনি হোসেন মার্কেট এলাকায় থেকে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। ঘটনার দিন তিনি ওষুধ সরবরাহের কাজে টঙ্গী হাসপাতালে যাওয়ার জন্য রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে থাকা ম্যানহোলের একটি স্থানে স্লাব না থাকায় দীর্ঘদিন ধরে উন্মুক্ত ছিল। সেখানে কর্তৃপক্ষ কোনো স্লাবও বসায়নি। এমনকি সেখানে সতর্কতামূলক কোন সাইনবোর্ডও ছিল না। হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত ওই নারী খোলা ম্যানহোলে পড়ে যান। একপর্যায়ে পানির প্রবল স্রোতে তিনি নিখোঁজ হন।

স্থানীয়দের অভিযোগ, বিআরটিএ কর্তৃপক্ষের দায়িত্বহীনতা এই দুর্ঘটনার জন্য দায়ী। এমন ব্যস্ত এলাকায় ড্রেনের স্লাব না দিয়ে তা খোলা রেখে মানুষকে মৃত্যুর মুখে ফেলা দেওয়া হয়েছে।

নিহতের বড় শোভন সংবাদ মাধ্যমকে বলেন, “ঘটনার দিন মোবাইল ফোন বন্ধ থাকায় বোনকে বিভিন্নভাবে খোঁজ করতে থাকি। একপর্যায়ে সোমবার সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে বোনের জুতা দেখে তার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হই।”

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম সংবাদ মাধ্যমকে বলেন, “ওই নারী যে ম্যানহোলে পড়েছিলেন তার পানি টঙ্গীর ওই শালিকচুড়া বিলটিতে গিয়ে নামতো। সকালে ওই বিলে উদ্ধার অভিযানে গিয়ে তার মরদেহটি পাওয়া যায়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button