বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে নিহত ১

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে উঠার সিঁড়ি) চাকা ফেটে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সিঁড়ির চাকা বদলানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম রুম্মান (২২)। তার বাড়ি সিলেট নগরীর বিমানবন্দর থানার টিলাপাড়া এলাকায়। আহত ব্যক্তির নাম এনামুল (২৫)। তার বাড়ি একই থানার মহালদিগ গ্রামে। তারা বিমানবন্দরের ফ্লাইট রক্ষণাবেক্ষণকারী একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মী হিসেবে কাজ করেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন বিমানে ওঠানামার সিঁড়ির চাকা বদলাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি চাকা ফেটে যায়। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানটির কর্মী রুম্মান ও এনামুল আহত হন। তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রুম্মানের অবস্থা গুরুতর হওয়া চিকিৎসকরা তাকে আইসিইউতে রাখার পরামর্শ দেন। তবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ না থাকায় তাকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ সংবাদ মাধ্যমকে জানান, রুম্মান ওই হাসপাতালের আইসিইউতে মারা গেছেন।



