কালীগঞ্জের নতুন এসি-ল্যান্ড জাকিয়া সরওয়ার লিমা

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিয়োগ পেয়েছেন জাকিয়া সরওয়ার লিমা।
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
এর আগে গত ৩০ জুলাই কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মিকে প্রত্যাহার করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার (১৭ আগস্ট) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) পিযুষ কুমার চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাকিয়া সরওয়ার লিমাকে (১৮৯৪৭) কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে।
বিসিএস ৩৮তম ব্যাচের কর্মকর্তা জাকিয়া সরওয়ার লিমা ২০২১ সালে সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। পরে তিনি খুলনা ও বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর ২০২৪ সালের ৯ এপ্রিল কুমিল্লার চৌদ্দগ্রামে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। গত ৭ আগস্ট তাকে চৌদ্দগ্রাম থেকে বদলি করে পরবর্তী পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।
জাকিয়া সরওয়ার লিমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) এবং মাস্টার অব সায়েন্স (এমএসসি) ডিগ্রি অর্জন করেছেন।
তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।



