মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগ শুরু, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগ শুরু, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মালয়েশিয়ায় কৃষি, বাগান ও খনি—এই তিনটি প্রধান খাত এবং আরও ১০টি নির্বাচিত উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগের কোটার আবেদন ৩১ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে।

গৃহমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, কৃষি, বাগান ও খনি খাতের সব উপখাতেই বিদেশি শ্রমিক নিয়োগের অনুমতি দেওয়া হবে।

অন্যদিকে সেবা খাতে সীমিত কিছু উপখাতে এই নিয়োগ চালু থাকবে—যেমন পাইকারি ও খুচরা ব্যবসা, গুদামজাতকরণ, নিরাপত্তা প্রহরী, ধাতু ও স্ক্র্যাপ, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো ও বিল্ডিং ক্লিনিং।

নির্মাণ খাতে বিদেশি শ্রমিক নেওয়ার সুযোগ থাকবে কেবল সরকারি প্রকল্পে। আর উৎপাদনশিল্প খাতে নিয়োগ কেন্দ্রীভূত হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (MIDA)-র আওতাধীন নতুন বিনিয়োগে।

তিনি জানান, এবার থেকে কেবল সংশ্লিষ্ট খাতের সংস্থাগুলো আবেদন জমা দিতে পারবে। আগের মতো ব্যক্তি পর্যায়ে এজেন্ট বা নিয়োগকর্তারা স্বাধীনভাবে আবেদন করতে পারবেন না। অনুমোদনের আগে আবেদনগুলো পর্যালোচনা করবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি, এরপর তা যৌথ কমিটির পর্যায়ে চূড়ান্ত হবে।

বিদেশি শ্রমিক নীতির ব্যাপারে সাইফুদ্দিন বলেন, বর্তমান সেক্টরভিত্তিক সর্বোচ্চ সীমা (ceiling) ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন পর্যন্ত বহাল থাকবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এর পর ১৩তম মালয়েশিয়া পরিকল্পনা (13MP) অনুযায়ী নতুন সীমা হবে মোট শ্রমবাজারের ১০ শতাংশ।

বর্তমানে বিদেশি শ্রমিকের উপস্থিতি ১৫ শতাংশ হলেও, ২০২৬ সালের প্রথম বা দ্বিতীয় প্রান্তিকে নতুন ১০ শতাংশ সীমা কার্যকর হবে বলে তিনি জানান।