কালীগঞ্জে কৃষি জমিতে বালু ভরাট, বিএনপি নেতাকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এবং প্রশাসনের অনুমোদন ছাড়া নদীতে ড্রেজার বসিয়ে কৃষি জমিতে বালু ভরাটের অভিযোগে বিএনপির এক নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

অভিযুক্ত নেতা তালিয়া গ্রামের মৃত আব্দুর মান্নান তালুকদারের ছেলে নাগরী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান তালুকদার (৬৫)।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নাগরী ইউনিয়নের কৃষি জমি ভরাটে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু আদালতের এ নিষেধাজ্ঞা অমান্য করে এবং প্রশাসনের অনুমোদন ছাড়াই বিএনপি নেতা আতাউর রহমান তালুকদারের নেতৃত্বে নদীতে ড্রেজার বসিয়ে পাইপলাইনের মাধ্যমে নগরভেলা এলাকায় কৃষি জমি বালু দিয়ে ভরাট করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে সত্যতা প্রমাণিত হলে মোবাইল কোর্টে আতাউর রহমান তালুকদার দোষ স্বীকার করেন। পরে তাকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বালু ভরাট কার্যক্রম বন্ধের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, অনুমোদন ছাড়া নদীতে ড্রেজার বসিয়ে বালু ভরাট করা হচ্ছিল। আইন অনুযায়ী অনুমোদন ছাড়া এ ধরনের কাজ করার সুযোগ নেই। তাই মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।



