গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের ভুতুলিয়া এলাকায় এক নারীকে গলা কেটে হত্যার পর মাটি চাপা দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কমলা বেগম (৬০) গাজীপুরের শ্রীপুর উপজেলার ভুতুলিয়া এলাকার মো. কদম আলীর স্ত্রী।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে বাড়ির আশপাশে তাল কুড়াতে যান কমলা বেগম। দুপুরে কদম আলী বাড়ি ফিরে তার স্ত্রী কমলা বেগমকে দেখতে না পেয়ে বাড়ির লোকজনকে জিজ্ঞেস করে। এ সময় কেউ তার সন্ধান দিতে পারেনি। পরে পরিবারে লোকজন ও প্রতিবেশীরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশে জঙ্গলের ভেতর প্রতিবেশীরা মাটি খোঁড়া দেখতে পায়। পরে তাদের ডাক চিৎকারে লোকজন এগিয়ে এসে সেখানে মাটি খুঁড়ে। এ সময় মাটিচাপা অবস্থায় কমলা বেগমের গলাকাটা লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কে বা কারা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা জানা যায়নি।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে মাটি চাপা দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।