আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ হামলার সময় পোল্যান্ডে ন্যাটো প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, ড্রোন ভূপাতিত

রয়টার্স – পোল্যান্ড জানিয়েছে, বুধবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার হামলার সময় তাদের নিজস্ব ও ন্যাটো প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই প্রথমবার, যখন ওয়ারশ নিজস্ব আকাশসীমায় প্রতিরক্ষা অস্ত্র ব্যবহার করেছে।

পোল্যান্ডের সামরিক কমান্ড জানায়, রুশ হামলার সময় বারবার তাদের আকাশসীমা “ড্রোন-জাতীয় বস্তু” দ্বারা লঙ্ঘিত হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, “এসব বস্তুকে শনাক্ত ও নিষ্ক্রিয় করার জন্য অভিযান চলছে… অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং ভূপাতিত বস্তুগুলো শনাক্তে কাজ করছে সেনারা।”

চলমান সামরিক অভিযানের কারণে সাধারণ মানুষকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে পডলাস্কি, মাজোভিয়েচকি এবং লুবলিন অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। সেনারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।

প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিস্লাভ কসিনিয়াক-কামিশ বলেন, পোলিশ যুদ্ধবিমান “শত্রু বস্তুর বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করেছে।” তিনি আরও জানান, “আমরা ন্যাটো কমান্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।”

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জানায়, ওয়ারশর প্রধান চোপিন বিমানবন্দরসহ চারটি বিমানবন্দর অস্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। তবে পোল্যান্ড এখনো আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেনি। দক্ষিণ-পূর্বাঞ্চলের রেজশো-ইয়াসিওঙ্কা বিমানবন্দর, যা যাত্রী পরিবহন ও ইউক্রেনে অস্ত্র পাঠানোর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেটিও সাময়িকভাবে বন্ধ ছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে রুশ ড্রোন পোল্যান্ডে প্রবেশ করেছে বলে অবহিত করা হয়েছে বলে জানায় সিএনএন।

মঙ্গলবার ভোরে (০৩:১৫ জিএমটি) ইউক্রেনের সব অঞ্চলে, বিশেষ করে পোল্যান্ড সীমান্তবর্তী ভলিন ও লভিভে বিমান হামলার সতর্কতা জারি হয়েছিল। ইউক্রেনীয় বিমানবাহিনী জানায়, রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে জামোস্‌চ শহরকে হুমকির মুখে ফেলেছিল, তবে পরে সেই বার্তাটি টেলিগ্রাম থেকে সরিয়ে নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রে প্রতিক্রিয়া: ‘যুদ্ধের ঘোষণা’

মার্কিন সিনেটর ডেমোক্র্যাট ডিক ডারবিন বলেন, রুশ ড্রোন বারবার ন্যাটোর আকাশসীমা লঙ্ঘন করছে, যা প্রমাণ করে “পুতিন পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলোর নিরাপত্তা পরীক্ষা করছে।”

অন্যদিকে, রিপাবলিকান কংগ্রেসম্যান জো উইলসন বলেন, রাশিয়া ন্যাটো মিত্র পোল্যান্ডে আক্রমণ চালাচ্ছে, যা সরাসরি “যুদ্ধের কাজ”। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।

তিনি আরও বলেন, “পুতিন শুধু ইউক্রেনে হত্যাযজ্ঞ চালিয়েই ক্ষান্ত নন, তিনি এখন সরাসরি ন্যাটোর ভূখণ্ডে আমাদের ধৈর্য পরীক্ষা করছেন।”

২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের কয়েক মাস পর একটি ভুলবশত ছোড়া ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে আঘাত হেনে দুইজনকে হত্যা করেছিল। এরপর থেকেই আকাশসীমা নিয়ে পোল্যান্ড বিশেষ সতর্ক রয়েছে। তবে এবারই প্রথম ভূপাতিত হওয়া ড্রোনের খবর প্রকাশ করল ওয়ারশ।

এদিকে, রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া “জাপাদ” ঘিরে পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়ার মতো ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। লিথুয়ানিয়া জানিয়েছে, বেলারুশ ও রাশিয়া সীমান্তে তাদের প্রতিরক্ষা জোরদার করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button