
গাজীপুর কণ্ঠ ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দল থাকলে মতপার্থক্য থাকবেই। নাহলে ভিন্নদল কেন হয়? আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার দলই করবেন। সেজন্য রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমত থাকবেই। কিন্তু আমরা আবারও বলছি, নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “দল থাকলে মতপার্থক্য থাকবেই। যদি ভিন্নমত না থাকে, তাহলে ভিন্নদলই বা থাকবে কেন? তবে রাজনৈতিক ভিন্নমত থাকলেও নির্বাচন পেছানোর সুযোগ নেই।”
শফিকুল আলম আরও জানান, নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই। অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। “এটি একটি ফাউন্ডেশনাল নির্বাচন, যা ভবিষ্যতের রাজনৈতিক পথচলাকে প্রভাবিত করবে। তাই এই নির্বাচন নির্ধারিত সময়েই হবে। কেউ যদি এটা বানচাল করার চেষ্টা করেন, তবে সেটা সফল হবে না।”
এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘নাগরিক কোয়ালিশন’ আয়োজিত “সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ” শীর্ষক এক গোলটেবিল বৈঠকেও একই বার্তা দেন প্রেস সচিব।
সেখানে তিনি আশা প্রকাশ করে বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ডাকসু নির্বাচনে আমরা ইতিবাচক প্রতিফলন দেখেছি, যা আগামী নির্বাচনেও দেখা যাবে।”
তিনি আরও জানান, নির্বাচনকে ঘিরে সরকার কোনো পক্ষপাতিত্ব করবে না। তিনি বলেন, “প্রতিটি ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন থাকবে, যাতে সবাই নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”



