আলোচিতজাতীয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ভারত অঙ্গীকারবদ্ধ : ভারতীয় হাইকমিশনার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, ভবিষ্যতমুখী এবং পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, এই সম্পর্ক পারস্পরিক সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে গড়ে উঠবে এবং দুই দেশের জনগণই হবে এই অংশীদারিত্বের মূল শক্তি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজের কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। এসময় হাইকমিশনার জোর দিয়ে বলেন, দুই দেশকে তাদের ভৌগোলিক নৈকট্য, অর্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যৎ আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে নতুন সুযোগ সৃষ্টি করতে হবে। এর মাধ্যমে আন্তঃনির্ভরতা আরও জোরদার হবে। তিনি উল্লেখ করেন, ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতি, ‘অ্যাক্ট ইস্ট পলিসি’, মহাসাগর নীতি এবং ইন্দো-প্যাসিফিক ভিশনের আওতায় বাংলাদেশ ভারতের অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত দেশ।

ভারতের পররাষ্ট্রনীতি ও উন্নয়ন কৌশল প্রসঙ্গে প্রণয় ভার্মা বলেন, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা, বৈশ্বিক শাসন কাঠামোর সংস্কার এবং গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষার ক্ষেত্রে ভারতের সম্পৃক্ততা দিন দিন বাড়ছে। এসব উদ্যোগ অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং দ্রুত জাতীয় উন্নয়ন অর্জনের লক্ষ্যকে এগিয়ে নিচ্ছে।

তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ অর্থনীতি হিসেবে ভারত ও বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতা জোরদারের প্রধান চালিকাশক্তি। বিশেষ করে বিমসটেক কাঠামোর আওতায় উভয় দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঢাকায় সদরদপ্তর থাকা এই জোট দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধির সম্ভাবনাকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়েই কাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button