যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ সেনা সদস্য

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ সেনা সদস্য

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি সামরিক প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার মার্কিন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশনস ইউনিটের সদস্য ছিলেন।

ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে।

নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করা এমএইচ-৬০ ব্ল্যাক হক মডেলের হেলিকপ্টারটি হঠাৎ করে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেটি বিধ্বস্ত হয় বলে জানায় মার্কিন আর্মি স্পেশাল অপারেশনস কমান্ড।

বিধ্বস্ত হেলিকপ্টারটিতে চারজন সেনা সদস্য ছিলেন, যাদের সবাই ১৬০তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্টের সদস্য। দুর্ঘটনায় তারা সবাই প্রাণ হারান।

শুক্রবার এক বিবৃতিতে স্পেশাল অপারেশনস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জনাথন ব্রাগা নিহতদের পরিবার, সহকর্মী ও বন্ধুদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, “তারা জাতির জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের এই আত্মত্যাগ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি।”

হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরে নির্ধারিত রুটের কাছেই ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।

ঘটনাস্থলে উদ্ধার ও তদন্ত অভিযান অব্যাহত রয়েছে। নিহতদের পরিচয় তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।