গাজীপুরে টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

গাজীপুরে টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : জয়দেবপুর রেলওয়ে জংশনে টিকটক ভিডিও ধারণের সময় ট্রেনের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের উত্তর পাশে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম নুর ইসলাম (৩৫)। সে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ গ্রামের শামসুল হকের ছেলে।

​জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদির উজ জামান জানান, নুর ইসলাম প্ল্যাটফর্মের ধারে মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি করছিলেন। ওই সময় ঢাকাগামী ৫০ নম্বর বলাকা কমিউটার ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম করছিল। অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় নুর ইসলাম ছিটকে প্ল্যাটফর্মে পড়ে যান। এতে তার ডান হাত মারাত্মকভাবে থেতলে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে একটি ভ্যানে করে গাজীপুর সদর হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছিলেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।