কালীগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কালীগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক স্থান থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পৌরসভার বাঙ্গালহাওলা এলাকার মৃত ওমর আলী শেখের ছেলে রহিম শেখ (৪০) এবং দেওপাড়া জামতলা এলাকার হযরত আলীর ছেলে বাবুল পাঠান (৩২)। পুলিশ জানিয়েছে, তারা দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম শেখের নেতৃত্বে কাপাসিয়া মোড় এলাকায় অভিযান চালিয়ে রহিম শেখকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার দেহ তল্লাশি করে ৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

অপরদিকে, একই রাতের মধ্যভাগে এসআই কামরুল ইসলামের নেতৃত্বে মূলগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে বাবুল পাঠানকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।