গাজীপুর

কালীগঞ্জে কৃষি জমিতে বালু ভরাট, সাড়ে তিন লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমিতে বালু ভরাটের দায়ে দুই ব্যক্তিকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে নাগরী ইউনিয়নের পানজোড়া ও পারোয়ান এলাকায় এ অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

অর্থ দণ্ডপ্রাপ্তরা হলেন— পানজোড়া এলাকার মোতালিব মোল্লার ছেলে মো. রায়হান মোল্লা (৩৩) এবং বিরতুল এলাকার আব্দুল লতিফ খানের ছেলে রফিকুল ইসলাম খান (৪৪)।

উপজেলা প্রশাসন থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নাগরী ইউনিয়নের পানজোড়া পেরাগোদি এলাকায় কৃষি জমিতে গড়ে ওঠা ‘পূর্বাচল লেক টাউন’ নামের একটি অনিবন্ধিত আবাসন প্রকল্পে অনুমোদন ছাড়াই ড্রাম ট্রাক দিয়ে বালু ভরাট করা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা ঘটনাস্থলে গিয়ে বালু ভরাটের সত্যতা পান। সে সময় মোবাইল কোর্ট পরিচালনা করে বালু ভরাটে জড়িত রায়হান মোল্লাকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই তা আদায় করা হয়।

এছাড়া পারোয়ান এলাকায় কৃষি জমিতে বালু ভরাটের অপরাধে রফিকুল ইসলাম খানকে একই আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে নাগরীর বিভিন্ন স্থানে কৃষি জমিতে বালু ভরাট করে আবাসন ব্যবসা চালিয়ে আসছে। এতে রায়হান মোল্লা ছাড়াও স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কতিপয় নেতার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ২৪ জুন পানজোড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নাভানা রিয়েল এস্টেট কোম্পানিতে অবৈধভাবে বালু ভরাটের দায়ে রায়হান মোল্লাকে ২১ দিনের কারাদণ্ড দিয়েছিলেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলু।

আরো জানতে…..

কালীগঞ্জে কৃষি জমিতে বালু ভরাট, বিএনপি নেতাকে জরিমানা

কালীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে নাভানা আবাসন প্রকল্পে‌ বালু ভরাট, ৪ জনের কারাদণ্ড

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button