গাজীপুর কণ্ঠ ডেস্ক : রায়পুরা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফোরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০)। এছাড়া আহত হয়েছেন ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার সংবাদ মাধ্যমকে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে আছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমকে জানান, ফোরা মিয়া ও শাকিলের বাবা আবু তাহের প্রায় ২০ বছর আগে তার ভাই আব্দুল আউয়ালের কাছ থেকে এক হাজার ৭০০ টাকা ধার নেয়। সেই প্রেক্ষিতে আবু তাহেরের ভিটা থেকে জমি দাবি করে আসছিলেন আব্দুল আউয়াল। সম্প্রতি বেশ কয়েকটা সালিশ হলে বিচারকরা আবু তাহেরের পক্ষেই রায় দেন। শনিবার পুনরায় মৃত তাহেরের ছেলে রিপন, শিপনরা জমি দখল করতে যায়। এ সময় বাধা দিলে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়।
এ সময় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে ফোরা মিয়া, শাকিল মিয়া ও ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগমকে কুপিয়ে আহত করে। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের ফোরা মিয়া ও শাকিল মিয়াকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির সংবাদ মাধ্যমকে বলেন, আমরা হাসপাতালে আনা দুজনকে মৃত অবস্থায় পেয়েছি। আরেকজন অল্প আহত হওয়ায় চিকিৎসা দেওয়া হয়েছে।