আলোচিতজাতীয়

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশি সফর না করার নির্দেশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ‘একান্ত অপরিহার্য কারণ’ ছাড়া সরকারি কর্মাচারীদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না সই করা এক পরিপত্রে এ নির্দেশনা উল্লেখ করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, বিদেশ ভ্রমণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিপত্র এবং অর্থ বিভাগের গত ৮ জুলাইয়ের ৭ নম্বর স্মারকে বিদেশ ভ্রমণ সীমিত করাসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে, জারি করা পরিপত্রগুলোতে নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করে বিদেশ ভ্রমণের ঘটনা ঘটছে। মন্ত্রণালয়গুলোর দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সময়ে বৈদেশিক সফরে যাচ্ছেন। একসঙ্গে বিদেশে যাচ্ছেন একই মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা। এ ধরনের প্রস্তাব প্রায়ই এ কার্যালয়ে পাঠানো হচ্ছে; যা নির্দেশনার পরিপন্থি।

চিঠিতে বলা হয়, এ অবস্থায়, ইতঃপূর্বে জারি করা সব বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন এবং এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহারের জন্য অনুরোধ করা হলো।

মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবকে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

গত বছরের ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করাসহ কয়েকটি বিষয় নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button