গাজীপুরে ছুরি নিয়ে ঘোরাফেরার প্রতিবাদে যুবক খুন
বিশেষ প্রতিনিধি : মহানগরের গাছা এলাকায় ছুরি নিয়ে ঘোরাফেরার প্রতিবাদ করায় মারুফ (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে এক দুর্বৃত্ত।
সোমবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে মহানগরীর কোনিয়া তারগাছ গ্রামের বেলাল নগর রোডে আক্তারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
গাছা মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত মারুফের পূর্ণাঙ্গ পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, স্থানীয় আতাউল্লাহর ছেলে জামিল একটি সিগারেট কোম্পানিতে চাকরি করেন। তিনি বাড়ির পাশের এক দোকানে বিল সংগ্রহ করতে গেলে সেখানে এক ব্যক্তিকে হাতে ছুরি নিয়ে ঘোরাফেরা করতে দেখেন। এ সময় জামিল ওই ব্যক্তির আচরণে আপত্তি জানান। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে জামিলের বন্ধু মারুফ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং অজ্ঞাত ব্যক্তির আচরণের প্রতিবাদ জানান। তখন ক্ষুব্ধ ব্যক্তি হঠাৎ ছোরা দিয়ে জামিল ও মারুফকে আঘাত করেন।
দুজনেই মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় মারুফকে তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত জামিল বর্তমানে বড়বাড়ি ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আমিনুল ইসলাম বলেন, “ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”



