গাজীপুরে স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী জখম

গাজীপুরে স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী জখম

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকার একটি বাসা থেকে স্ত্রীকে গলা কাটা অবস্থায় এবং স্বামীকে অর্ধ গলাকাটা গুরুতর জখম অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) সকালে একতা ভিলার পঞ্চম তলা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রহিমা বেগম (৩৮) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিনোয়াটি গ্রামের শাজাহান সরকারের মেয়ে। তাঁর স্বামী ইমরান হোসেনকে গুরুতর আহত অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমরান ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের সুরুজ আলীর ছেলে।

ইমরান স্থানীয়ভাবে মাংস বিক্রির কাজ করতেন, আর রহিমা ছিলেন গৃহিণী।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ইমরান ও রহিমা তাদের মেয়ে শারমিনকে নিয়ে কোনাবাড়ীর একতা ভিলার পঞ্চম তলায় ভাড়া থাকতেন। সকালে পারিবারিক বিরোধের জেরে ইমরান ধারালো দা দিয়ে প্রথমে স্ত্রীকে হত্যা করেন। পরে একই দা দিয়ে তিনি নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন।

কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) পাপন হোসেন জানান, তাদের ১৬ বছর বয়সী মেয়ে শারমিন ঘটনাটি প্রত্যক্ষ করেছে। শারমিনের তথ্যের ভিত্তিতেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং আহত ইমরানকে হাসপাতালে পাঠায়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।