শ্রীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোবা বাজার এলাকায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে।
শনিবার রাত ২টার দিকে এ হামলা হয়।
গ্রামীণ ব্যাংকের মাওনা শাখার ব্যবস্থাপক রেহানা পারভিন সংবাদ মাধ্যমকে জানান, ঘটনার সময় নিরাপত্তাপ্রহরী ব্যাংকের ভেতরে অবস্থান করছিলেন। রাত ২টার দিকে কয়েকজন ব্যক্তি প্রধান ফটক খোলার চেষ্টা করলে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। নিরাপত্তাপ্রহরী তখন দেখতে পান ৭–৮ জন লোক দৌঁড়ে পালিয়ে যাচ্ছে। তাদের পালানোর সঙ্গে সঙ্গেই টানা তিনটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটে। এর মধ্যে একটি বোমা ব্যাংকের সীমানার ভেতরে পড়ে এবং এতে বাইরের সাইনবোর্ডের আংশিক অংশ পুড়ে যায়। ঘটনার পর ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রেহানা পারভিন জানান, “রোববার ব্যাংকের নিয়মিত কার্যক্রম ও লেনদেন স্বাভাবিকভাবে চলছে। আমি থানায় যাচ্ছি সাধারণ ডায়রি করতে। পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতের বিকট শব্দে তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন। আশপাশের এলাকা পেট্রলের গন্ধে ছড়িয়ে পড়ে এবং বাজারমুখী মানুষজন আতঙ্কে বাইরে বের হয়ে আসেন।
গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুর রাজ্জাক সংবাদ মাধ্যমকে বলেন, “ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাইরে সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁরা আপাতত থানায় সাধারণ ডায়রি করতে বলেছেন।”
শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক সংবাদ মাধ্যমকে জানান, পুলিশের টহল থাকার কারণে হামলাকারীরা বড় ধরনের ক্ষতি করতে পারেনি। ঘটনাস্থল থেকে একটি বোতল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



