গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি

বিশেষ প্রতিনিধি : গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন ক্যাম্পাসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসান উদ্দিন সরকার বলেন, নির্বাচন কমিশন টঙ্গী, গাছা ও পূবাইল এলাকা নিয়ে ‘গাজীপুর-৬’ নামে একটি নতুন সংসদীয় আসন গঠন করেছিল। পরে উচ্চ আদালত ওই আসন বাতিলের রায় দেন। এর ফলে গাজীপুর-২ আসন আগের কাঠামোয় ফিরে এসেছে।
তিনি বলেন, বর্তমানে গাজীপুর-২ আসনে ভোটার সংখ্যা প্রায় আট লাখ, যা এটিকে দেশের অন্যতম বড় ও চ্যালেঞ্জিং সংসদীয় আসনে পরিণত করেছে।
হাসান উদ্দিন সরকারের দাবি, গাজীপুর-৬ আসন বহাল থাকার সময় গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছিল। মনোনীত প্রার্থীর বাড়ি কাউলতিয়া এলাকায়, যা আসনটির সর্বউত্তর অংশে অবস্থিত এবং সেখানে ভোটার সংখ্যা ৭৩ হাজার ৭৩৮ জন। অথচ এ আসনের অধিকাংশ ভোটার টঙ্গী, গাছা ও পূবাইল থানা এলাকায় বসবাস করেন।
তিনি জানান, টঙ্গীর দুই থানায় ভোটার সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৬৫৯ জন, গাছা ও পূবাইল থানায় ১ লাখ ৬৮ হাজার ৫৯৫ জন এবং সদর থানায় ভোটার সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ২০ জন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের এই বক্তব্য কোনো ব্যক্তি বা মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নয়। এটি দলীয় স্বার্থের প্রশ্ন। আমরা দলীয় শৃঙ্খলা ও ঐক্যে বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব ও কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে তাদের আহ্বান হলো—পুনর্গঠিত গাজীপুর-২ আসনের ভোটার সংখ্যা ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হোক। একই সঙ্গে টঙ্গী, গাছা ও পূবাইল এলাকার সাংগঠনিক মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনার অনুরোধ জানান তিনি।
প্রয়োজনে বর্তমান মনোনয়ন পুনর্বিবেচনা বা বিকল্প প্রার্থী মূল্যায়নের কথাও বলেন হাসান উদ্দিন সরকার। তাঁর মতে, এমন একজন প্রার্থী মনোনয়ন দেওয়া প্রয়োজন, যিনি এই বড় ও প্রতিযোগিতামূলক আসনে বিএনপির পক্ষে সর্বোচ্চ ভোট সংহত করতে সক্ষম হবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন ভাট, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেন কায়সারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।



