আলোচিতজাতীয়

রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয়ে পুলিশ মোতায়েনের নির্দেশ ইসির

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনী মালামাল ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েনের নির্দেশনা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে ইসি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হয়। বর্তমানে দেশে ৬৯ জন রিটার্নিং অফিসার ও প্রায় ৫০০ সহকারী রিটার্নিং অফিসার রয়েছেন।

স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে ইতোমধ্যে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে নির্বাচনসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনি মালামাল ও যন্ত্রপাতি সংরক্ষিত থাকায় নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এসব নথি ও মালামালের সুরক্ষাসহ কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক। এ অবস্থায় সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে ইসি।

এছাড়া নির্বাচনকালীন সময়ে প্রধান নির্বাচন কমিশনারের জন্য গাড়িসহ অতিরিক্ত পুলিশি এসকর্ট চাওয়া হয়েছে। একই সঙ্গে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের বাসভবন ও অফিসে যাতায়াতসহ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনার কথাও উল্লেখ করা হয়েছে।

এদিকে, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

ইতোমধ্যে আগারগাঁওয়ে নির্বাচন ভবনসহ দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের নিরাপত্তা বাড়ানো হয়। এবার রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিরাপত্তা আরও জোরদার করা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button