বিশ্বের সর্বোচ্চ ৩০২ পরিবেশবান্ধব কারখানা বাংলাদেশে

বাংলাদেশের মোট ৩০২টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার বা রৌপ্যমানের এবং চারটি সাধারণ সনদপ্রাপ্ত কারখানা রয়েছে।

বিশ্বের সর্বোচ্চ ৩০২ পরিবেশবান্ধব কারখানা বাংলাদেশে

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

পরিবেশবান্ধব সবুজ কারখানা স্থাপনে নতুন মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ। দেশের তৈরি পোশাক, বস্ত্র ও পোশাকের সরঞ্জাম উৎপাদনকারী আরও ১২টি কারখানা যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) পরিবেশবান্ধব ভবনের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এর ফলে দেশে এই স্বীকৃতিপ্রাপ্ত সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২টিতে, যা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি।

ইউএসজিবিসি জানিয়েছে, এসব কারখানা লিড (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রন্টমেন্ট ডিজাইন) সনদপ্রাপ্ত।

লিড সনদপ্রাপ্ত বলতে এমন ভবন বা কারখানাকে বোঝায়, যেটি পরিবেশবান্ধব নির্মাণ, জ্বালানি ও পানির সাশ্রয়, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভবনের ভেতরের পরিবেশের মানসহ বিভিন্ন সূচকে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।

অর্থাৎ ‘জ্বালানি ও পরিবেশবান্ধব নকশায় নেতৃত্বের’ চারটি স্তর বা ধাপ বিবেচনায় উত্তীর্ণ প্রতিষ্ঠান বা কারখানাগুলোকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

নতুন স্বীকৃতি পাওয়া ১২টি কারখানার মধ্যে নয়টি সর্বোচ্চ প্লাটিনাম ও তিনটি গোল্ড স্বীকৃতি অর্জন করেছে। এর মধ্যে ঢাকার ধামরাইয়ে অবস্থিত অ্যাডজি ট্রিমস লিমিটেড পেয়েছে সর্বোচ্চ ৯৭ পয়েন্ট।

বাংলাদেশের মোট ৩০২টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার বা রৌপ্যমানের এবং চারটি সাধারণ সনদপ্রাপ্ত কারখানা রয়েছে।

ইউএসজিবিসির তথ্যানুযায়ী, বিশ্বের সর্বোচ্চ নম্বর পাওয়া ১০০টি পরিবেশবান্ধব সবুজ কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশে অবস্থিত।

নতুন প্লাটিনাম স্বীকৃতি পাওয়া কারখানাগুলোর মধ্যে ঢাকার ধামরাইয়ের অ্যাডজি ট্রিমস লিমিটেড নতুন ভবন নির্মাণের পরিবেশবান্ধব মানদণ্ডের চতুর্থ সংস্করণ অনুযায়ী ৯৭ পয়েন্ট অর্জন করেছে।

গাজীপুরের টোকে নগরে অবস্থিত ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড বিদ্যমান ভবন পরিচালনা ও রক্ষণাবেক্ষণের পরিবেশবান্ধব মানদণ্ডের ৪ দশমিক ১ সংস্করণ অনুযায়ী ৯১ পয়েন্ট পেয়েছে। একই জেলার প্রোবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড একই মানদণ্ডে ৮৮ পয়েন্ট অর্জন করেছে।

নারায়ণগঞ্জের কায়েমপুরে অবস্থিত এফকেএল প্রিন্টিং বিল্ডিং নতুন ভবন নির্মাণের পরিবেশবান্ধব মানদণ্ডের চতুর্থ সংস্করণ অনুযায়ী ৮৬ পয়েন্ট পেয়ে প্লাটিনাম স্বীকৃতি পেয়েছে।

গাজীপুরের এল উসিন ফ্যাশন লিমিটেড বিদ্যমান ভবন পরিচালনা ও রক্ষণাবেক্ষণের পরিবেশবান্ধব মানদণ্ডের ৪ দশমিক ১ সংস্করণ অনুযায়ী ৮৫ পয়েন্ট পেয়েছে।

চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড একই মানদণ্ডে ৮৪ পয়েন্ট ও কেডিএস অ্যাপারেলস লিমিটেডের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং কারখানা ৮২ পয়েন্ট পেয়ে প্লাটিনাম স্বীকৃতি অর্জন করেছে।

ঢাকার সাভারে পুরোনো ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) অবস্থিত প্যাক্সার বাংলাদেশ লিমিটেড নতুন ভবন নির্মাণের পরিবেশবান্ধব মানদণ্ডের চতুর্থ সংস্করণ অনুযায়ী ৮২ পয়েন্ট পেয়েছে।

গাজীপুরের বিপ্রবর্ত এলাকায় অবস্থিত এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেডও একই মানদণ্ডে ৮২ পয়েন্ট পেয়ে প্লাটিনাম স্বীকৃতি অর্জন করেছে।

অন্যদিকে নতুন গোল্ড স্বীকৃতি পাওয়া তিনটি কারখানার মধ্যে নারায়ণগঞ্জের বর্ণালী কালেকশনস লিমিটেডের নিটিং ইউনিট নতুন ভবন নির্মাণের পরিবেশবান্ধব মানদণ্ডের চতুর্থ সংস্করণ অনুযায়ী ৬৮ পয়েন্ট অর্জন করেছে।

চট্টগ্রামের বেস্টেক বিডি লিমিটেড একই মানদণ্ডে ৬৬ পয়েন্ট ও টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এক্সপোর্ট বিল্ডিং-২ ৬৪ পয়েন্ট অর্জন করে গোল্ড স্বীকৃতি পেয়েছে।

বাংলাদেশের পরিবেশবান্ধব শিল্পায়নের এই নতুন মাইলফলক অর্জনে স্বীকৃতিপ্রাপ্ত কারখানাগুলোর মালিক, প্রকৌশলী ও শ্রমিকদের অভিনন্দন জানিয়েছে ইউএসজিবিসি।