কালীগঞ্জে কৃষিজমির মাটি কেটে বিক্রির দায়ে জমির মালিককে লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে অনুমোদন ছাড়াই কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে জমির মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জামালপুর ইউনিয়নের নারগানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই দণ্ডাদেশ দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন জামালপুর ইউনিয়নের নারগানা এলাকার আফছার উদ্দিনের ছেলে আনিসুর রহমান।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র জামালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকদের ভয়ভীতি প্রদর্শন ও প্রলোভনের মাধ্যমে অনুমোদন ছাড়াই কৃষিজমির মাটি কেটে নিচ্ছিল। পরে সেই মাটি একাধিক ইটভাটায় বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে পরিচালিত অভিযানে এ কার্যক্রমের সত্যতা পাওয়া যায়। অভিযানের সময় দেখা যায়, প্রায় ১০ থেকে ১৫ ফুট গভীর করে কৃষিজমির মাটি কেটে নেওয়া হয়েছে, যা জমির স্বাভাবিক উৎপাদনক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এভাবে মাটি কাটার ফলে আশপাশের জমি ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। ইতিমধ্যে কয়েকটি জমিতে ফাটল দেখা দিয়েছে এবং ভারী বৃষ্টির সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন জমির মালিকরা।
অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত জমির মালিক আনিসুর রহমানকে মোবাইল কোর্টে হাজির করা হলে তিনি অভিযোগ স্বীকার করেন। এরপর ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী তাকে এক লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।



