গাজীপুর কণ্ঠ ডেস্ক : সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড়ের বাহিরগোলা রোড এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার ভেতরে এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই রিয়াদের মৃত্যু হয়।
নিহত আব্দুর রহমান রিয়াদ শহরের সয়াধানগড়া খাঁপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে।
তিনি ইসলামিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায়, সিএনজিতে বসে থাকা অবস্থায় কয়েকজন তরুণ বিভিন্ন দিক থেকে এসে তাকে নির্বিচারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলেও গুরুতর জখম হওয়ায় চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ভয় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিহত রিয়াদের বাবা বলেন, ‘আমার ছেলে নিয়মিত প্রাইভেট পড়তে যেত। মাগরিবের পর আমাকে ফোন করে জানানো হয়, রিয়াদ অসুস্থ দ্রুত হাসপাতালে যেতে হবে। হাসপাতালে এসে দেখি তার শরীর রক্তাক্ত ও ব্যান্ডেজ করা। পরে ডাক্তার এসে জানায়, রিয়াদ মারা গেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’
হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, ‘ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেই তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহ হস্তান্তরসহ অন্যান্য বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’