গাজীপুরে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

গাজীপুরে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৯ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন।

​এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এই কার্যক্রম শুরু হয়।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি আসনে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ৩৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

গাজীপুর-১ আসনে মোট ৮ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন আতিকুল ইসলাম (গণফ্রন্ট) এবং এস. এম. শরিকুল ইসলাম (জাতীয় পার্টি)।

​গাজীপুর-২ আসনে সবচেয়ে বেশি ১৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন, যার মধ্যে ৮ জনের আবেদন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন— স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন সরকার, জিত বড়ুয়া, তাপসী তন্ময় চৌধুরী; জাতীয় পার্টির মোহাম্মদ ইস্রাফিল মিয়া; গণফ্রন্টের আতিকুল ইসলাম; জনতার দলের মোহাম্মদ শরিফুল ইসলাম; গণ অধিকার পরিষদের মাহফুজুর রহমান খান এবং খেলাফত মজলিসের খন্দকার রুহুল আমিন।

​গাজীপুর-৩ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন— স্বতন্ত্র প্রার্থী মো. ইজাদুর রহমান চৌধুরী ও গোলাম শাব্বির আলী এবং ইসলামী ঐক্যজোটের ডা. মাওলানা মুফতি শামীম আহমদ।

​গাজীপুর-৪ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন— স্বতন্ত্র প্রার্থী মো. আবুল হাসেম ও মো. শফিউল্লাহ; আমজনতার দলের জাকির হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজিম উদ্দিন।

​গাজীপুর-৫ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন— বাংলাদেশ খেলাফত মজলিসের রুহুল আমিন এবং জাতীয় পার্টির ডা. মো. সফিউদ্দিন সরকার।

রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীরা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন। ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি।

নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

আরো জানতে…..

গাজীপুরের পাঁচ আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল