
গাজীপুর কণ্ঠ ডেস্ক : দিল্লি, আগরতলা ও শিলিগুড়িতে ভিসা সেন্টার বন্ধ করে দেওয়ার পর এবার কলকাতায় বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হলো।
বুধবার (৭ জানুয়ারি) থেকে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে ভারতীয়দের জন্য বিজনেস ও এমপ্লয়মেন্ট ভিসা ছাড়া সব ধরনের সেবা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।
নিরাপত্তার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী এক থেকে দুই মাসের মধ্যে ভারতীয় পর্যটকদের জন্য বাংলাদেশে আসার ভিসা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এর ফলে দুই দেশের মধ্যে পর্যটক যাতায়াতে বড়সড় প্রভাব পড়তে চলেছে।
দিল্লি, আগরতলা ও শিলিগুড়ির ভিসা সেন্টার থেকে ভারতীয়দের পর্যটন ভিসা দেওয়া বন্ধ করা হলেও এতদিন চালু ছিল কলকাতার ভিসা সেন্টার। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন থেকে এই পরিষেবা চালু রাখা হয়েছিল। তবে গতকাল থেকে সেই পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে।
সম্প্রতি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো দিল্লির বাংলাদেশ হাইকমিশন চত্বরে ঢুকে বিক্ষোভ করে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশ। একই সময় কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনে গিয়েও অনুরূপ ঘটনা ঘটান উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর কর্মী ও সমর্থকরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান তারা। একই সময় ওসমান হাদির খুনিদের ভারতে আশ্রয় দেওয়ার অভিযোগে ঢাকাসহ সারা দেশে ভারতবিরোধী প্রতিবাদ বিক্ষোভ হয়।
সর্বশেষ আইপিএল থেকে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যাপক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। তীব্র ক্ষোভ বিরাজ করছে দেশের মানুষের মধ্যে। এই পরিস্থিতিতে ভারতীয়দের জন্য পর্যটন ভিসা বন্ধ করল কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।



