গাজীপুরে এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি, মোটরসাইকেল ছিনতাই
বিশেষ প্রতিনিধি : গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে লক্ষ্য করে গুলি ছুড়ে তার মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাসন থানার যোগিতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান সাংবাদিকদের জানান, ভুক্তভোগী মোহাম্মদ হাবীব চৌধুরী গাজীপুর মহানগর এনসিপির একজন সক্রিয় সদস্য। তিনি তার মোটরসাইকেল বিক্রির জন্য অনলাইন মার্কেটপ্লেস bikroy.com-এ বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনটি দেখে কয়েকজন ব্যক্তি ক্রেতা সেজে তার সঙ্গে যোগাযোগ করে।
তিনি বলেন, কথিত ক্রেতারা মোটরসাইকেল কেনার কথা বলে হাবীব চৌধুরীকে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যান। সেখানে কোনো ধরনের দর-কষাকষি ছাড়াই তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় হাবীব চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এনসিপি নেতা ভুক্তভোগী হাবীব চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, “তারা প্রথমে মোটরসাইকেল কেনার কথা বলে আমার কাছে আসে। কিন্তু হঠাৎ করেই কোনো আলোচনা ছাড়াই মোটরসাইকেল নিয়ে যেতে শুরু করে। আমি বাধা দিলে হত্যার উদ্দেশ্যে আমার দিকে তাক করে গুলি ছোড়ে।”
তিনি আরো জানান, ঘটনার পর তিনি বাসন থানায় অবস্থান করছেন এবং এ বিষয়ে মামলা দায়ের করবেন।
ডিএমপি’র বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ সংবাদ মাধ্যমকে বলেন, “ভুক্তভোগী অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন। আজ কয়েকজন ব্যক্তি ক্রেতা সেজে এসে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে এতে কেউ আহত হয়নি।”
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।



